সাকিব আল হাসান আস্তে আস্তে নিজেকে ফিরে পাচ্ছেন। ঢাকায় স্পিন বলে ব্যাটিং করলেও গতকাল চট্টগ্রামে পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাট করেছেন। দীর্ঘক্ষণ তার এই ব্যাটিং দারুণ খুশি করেছে কোচ স্টিভ রোডসকে। গতকাল সংবাদ মাধ্যমের সাথে আলাপ করতে গিয়ে রোডস বললেন, পুরো দলের অবস্থা নিয়েই তিনি খুশি।
সাকিবকে সেরা ছন্দে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ এই অলরাউন্ডারের উন্নতিতে দারুণ সন্তুষ্ট বলেই বললেন, ‘ওকে ফিরে পাওয়া দারুণ ব্যাপার। আমি বরাবরই বলে আসছি, সাকিব মাস্টার ট্যাকটিশিয়ান। মিরপুর টেস্টে অধিনায়ক হিসেবে রিয়াদ বেশ ভালো করেছে। তবে সাকিবের মানের একজন, ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ওর চাতুর্য ও ট্যাকটিক্যাল সচেতনতা বাংলাদেশ দলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। আমরা ওকে দুহাত বাড়িয়ে দলে স্বাগত জানাচ্ছি। ওর আঙুলের অবস্থা এখন মনে হচ্ছে বেশ ভালো। আজকে ৪৫ মিনিট লম্বা নেট সেশন কাটিয়েছে। সব মিলিয়ে খুব ভালো মনে হচ্ছে অবস্থা।’
সাকিব ছাড়াও বাংলাদেশের পুরো দলই এখন ওয়েস্টইন্ডিজের বিপক্ষে লড়তে প্রস্তুত বলে বলছিলেন কোচ। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে কঠিন সময় তাদের প্রস্তুতিটা ভালো করেছে বলে বলছিলেন তিনি, ‘আমার মনে হয়, সিলেট ও মিরপুরে জিম্বাবুয়ে আমাদের সাথে কঠোর লড়াই করেছে। কিছু লোক হয়তো ১-১ ব্যবধানের ফলাফল দেখে বিস্মিত হয়েছে। আমি মনে করে, তাদের সাথে এই কঠোর লড়াই আমাদেরকে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ভালো করতে সহায়তা করবে। ওয়েস্টইন্ডিজ অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। ওদের বিপক্ষে খেলার আগে আমাদের কিছু শক্ত ম্যাচ খেলার দরকার ছিল। জিম্বাবুয়ে সেই শক্ত প্রতিপক্ষ হিসেবেই হাজির হয়েছিল।’
জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটু ভালো ফল আশা করলেও যা হয়েছে তাতে খুশি রোডস, ‘আমি মিরপুরের ফলাফল নিয়ে খুবই খুশি। তবে আমি ১-১ ব্যবধানের চেয়ে ভালো কিছু আশা করেছিলাম। তবে একবার প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর আমাদের তো ড্রটাই করতে হতো।’
রোডস বলছিলেন, দল নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন, ‘একেবারে সত্যি কথা বললে, আমাদের খুব একটা দুশ্চিন্তার জায়গা নেই। আমরা ওয়েস্টইন্ডিজ সিরিজের জন্য মুখিয়ে আছি। তারা অসাধারণ একটা প্রতিপক্ষ। আমরা জুলাই মাসেই (ওয়েস্টইন্ডিজ সফরে) সেটা টের পেয়েছি। তবে বাংলাদেশের কন্ডিশন ওখানের থেকে ভিন্ন কিছু। ফলে আমরা এবার ওদের বিপক্ষে ভালো কিছু ম্যাচ আশা করছি। ওদের কিছু ইনজুরি সমস্যা আছে। জেসন হোল্ডার দেশে ফিরে গেছে। আমাদেরও তামিম ইকবাল নেই। ফলে একটা ভালো লড়াই হতে যাচ্ছে।’
এই ম্যাচে কোনো দুজন ইনিংস শুরু করবেন, সেটা বলতে গিয়ে বেশ কৌশলী হলেন কোচ রোডস, ‘আমি যেটা বলতে চাই, আমাদের হয়ে এই ম্যাচে ভিন্ন একজন ইনিংস শুরু করবে। আমি বলছি না যে, সেটা কে হবে। আপনারা দেখেছেন ইমরুল স্কোয়াডে আছে। ফলে ইমরুল ইনিংস শুরু করতে পারে। তবে অন্য জায়গাও আছে। আসুন অপেক্ষা করি এবং দেখি। আমাদের যেটা চাওয়া ছিল, টপঅর্ডার তেমন করতে পারছে না। এটা কখনো কখনো হতে পারে। আপনি সবসময় রান করতে পারবেন না। ইমরুল নিজেই ভালো একটা উদাহরণ। সে ওয়ানডেতে দারুণ ফর্মে ছিল। কিন্তু টেস্টে সেটা করতে পারেনি।’
