উইন্ডিজের ব্যাটিং অনুশীলন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৩১

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের এই উইকেটে খুব একটা ক্রিকেট খেলা হয় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের অধিনায়ক রুবেল হোসেন বললেন, সে জন্যই এখানে বোলারদের জন্য একেবারেই কিছু ছিল না। আর ব্যাটসম্যানদের স্বর্গ এই উইকেটে ব্যাটিং অনুশীলনটা ভালোই করে নিলো ওয়েস্টইন্ডিজ। একেবারেই অনানুষ্ঠানিক এই ম্যাচে প্রথম দিনে ৮৬.৩ ওভারে ৩০৩ রান তুলেছে ক্যারিবিয়রা ৬ উইকেট হারিয়ে। আলোক স্বল্পতার জন্য রিশাদ হোসেনের ওভারের মাঝপথেই শেষ হয়েছে দিনের খেলা।

আগে ব্যাট করতে না ওয়েস্টইন্ডিজ দ্রুতই তাদের অধিনায়ক ও ওপেনার কার্লোস ব্রাথহোয়াইটের উইকেট হারিয়েছিল। মাত্র ৬ রান করে শফিউলের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর ১৬৮ রানের এক জুটি করেন কিয়েরন পাওয়েল ও শাই হোপ। দুজনই সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছিল। হোপ ১১২ বলে ৮৮ রানের ইনিংস খেলার পর পরের ব্যাটসম্যানদের সুযোগ দিতে ফিরে আসেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা। অন্যদিকে পাওয়েল ১৪২ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেন। এরপর ওয়েস্টইন্ডিজের আর কেউ বড় স্কোর করতে পারেননি। তবে উইকেটে সময় কাটানোর কাজটা করেছেন রোস্টন চেজ। তিনি ৯৭ বল খেলে ৩৫ রান করে রুবেলের একমাত্র শিকার হয়ে ফেরেন।

সাইমন হেটমেয়ার ও ডওরিচ অবশ্য দুশ্চিন্তা করতে পারেন। তারা সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি। দুজনই ২৪ রান করে ফিরেছেন। বাংলাদেশ দলের বোলাররা সেরকম কেউ প্রভাব ফেলতে পারেননি। টেস্ট দলে ডাক পাওয়া দীর্ঘদেহী স্পিনার নাঈম হাসান ২৬ ওভার বল করে ১০৪ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া টেস্ট দলের আরেক খেলোয়াড় সৌম্য সরকার তার পার্ট টাইম পেস বোলিংয়ে একটি উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শফিউল, রুবেল, ফজলে রাব্বিও।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ-১ম ইনিংস

৮৬.৩ ওভারে ৩০৩/৬ (শাই হোপ ৮৮, পাওয়েল ৭২, চেজ ৩৫, হেটমেয়ার ২৪, ডওরিচ ২৪; নাঈম হাসান ২/২০৪,

সৌম্য ১/১০, ফজলে রাব্বি ১/১১,

শফিউল ১/২৩, রুবেল ১/৪০)।