ফ্রান্সে ওয়েস্টার্ন ইউনিয়নের একটি শাখায় নগদ অর্থ সরবরাহ করতে গিয়েছিলেন তিনজন কর্মী। তাদের মধ্যে দুজনের রীতিমতো মাথায় যেন বাজ ভেঙে পড়ল— যখন তারা আবিষ্কার করলেন যে গাড়িটি গায়েব হয়ে গেছে।
সেই সঙ্গে অদৃশ্য হয়ে গেছে গাড়িতে থাকা তিন মিলিয়ন ইউরো। গাড়িটির চালকও লাপাত্তা। ঘটনাটি সোমবার ঘটলেও তা প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার। প্যারিস শহরের উপকণ্ঠে রোজকার মতো ক্যাশ সরবরাহের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন লুমিস নামের একটি অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠানের ওই তিনজন কর্মী। ওয়েস্টার্ন ইউনিয়নের একটি শাখার সামনে গাড়ি রেখে তাতে থাকা অর্থের একটি অংশ সেখানে বুঝিয়ে দিতে গিয়েছিলেন দুজন কর্মী। সেই সময়ের মধ্যে তৃতীয় জন গাড়ি আর ক্যাশ নিয়ে গায়েব হয়ে যান। ঘটনাস্থল থেকে বেশ কাছেই সাদা রঙের গাড়িটি পরে আবিষ্কার করে পুলিশ। গাড়ির দরজা খোলা, কিন্তু আর কিছুই কোথাও নেই। চালকেরও হদিশ নেই।
এরপরই হন্যে হয়ে এড্রিয়ান দেরবেজ নামের ওই চালককে খুঁজতে শুরু করে পুলিশ। তার ছবি প্রকাশ করা হয় এবং প্রত্যক্ষদর্শী কেউ আছেন কিনা তাদের তথ্য দিতে আহ্বান জানানো হয়। তাতে লাভও হয়েছে। গোপন খবরের ভিত্তিতে এমিয়েন্স নামে একটি এলাকায় একটি ফ্ল্যাট থেকে চালককে আটক করে পুলিশ। সে সময় ইউরো ভর্তি কয়েকটি ব্যাগ নিয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দেরবেজ।
আরও তিনজনকে এ ঘটনায় তার সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হলেও পাঁচ লাখের বেশি ইউরো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। একই ধরনের একটি ঘটনা ফ্রান্সে ঘটেছিল ২০০৯ সালে। তবে সেই ঘটনায় অর্থের পরিমাণ ছিল সাড়ে এগারো ইউরো।
