আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন মামলাবাজ দলে পরিণত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে মাদক ও দুর্নীতিবিরোধী সোসাইটি ও মহানগর বঙ্গবন্ধু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, হতাশাগ্রস্ত হয়ে বিএনপি মামলা করেছে। তারা মামলা করতেই পারেন। তবে রাজনীতি হলো মাঠের প্রতিযোগিতা। মাঠের মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, তারাই রাজনীতিতে টিকবে— এটাই স্বাভাবিক। রাজনীতিতে মামলা করে সফলতা অর্জন করা যায় না। সংসদে না আসলে মামলাবাজ, ব্যর্থ ও হতাশাগ্রস্ত দল হিসেবে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে।
মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল অবশ্যই সরকারের অংশ হিসেবে কাজ করবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবেই বিজয়ী হয়েছি। তাই ১৪ দল বিরোধী দল হবে কিনা অহেতুক এ ধরনের প্রশ্ন করে কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না। ১৪ দল বিরোধী দল হতে পারে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মোহাম্মদ নাসিম বলেন, ১৫ ফেব্রুয়ারি, কলঙ্কিত দিন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল ওই নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে শুধু প্রত্যাখ্যান নয়, আন্দোলন করে ওই নির্বাচন বাতিল করেছিল আওয়ামী লীগ। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে জনগণের চাপে ৩০ মার্চ পদত্যাগে বাধ্য হয়েছিলেন। আওয়ামী লীগ যা বলে তাই করে। রাজনীতিতে ত্যাগ-তিতিক্ষা ছাড়া কোনো ফল পাওয়া যায় না।
বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি মেজর (অব.) শাহেদ সরওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু একাডেমির হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।
