বিএনপি-ঐক্যফ্রন্টের মামলায় আওয়ামী লীগ বিব্রত নয় ----------ওবায়দুল কাদের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে বিএনপি-ঐক্যফ্রন্ট প্রার্থীদের মামলার বিষয়ে আওয়ামী লীগ বিব্রত নয়। এ বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া জাতীয় ঐক্যফ্রন্টের ৭৪ জন প্রার্থী হাইকোর্টে নির্বাচনী মামলার আবেদন করেছেন। আবেদনে তারা ওই নির্বাচন বাতিল চেয়েছেন।

মামলার বিষয়ে আওয়ামী লীগ কী ভাবছে— এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিষয়টি আমলে নেওয়ার কিছু নেই। নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন থাকলে    সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের। এ বিষয়ে দায় বর্তায় নির্বাচন কমিশনের ওপর। নির্বাচন কমিশন এখন আদালতে গিয়ে মোকাবিলা করবে। এটাই নিয়ম। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।  জামায়াতের এক শীর্ষ নেতার দল থেকে পদত্যাগ এবং মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য দলটি ক্ষমা চাইলে আওয়ামী লীগ বিষয়টি কীভাবে নেবে— এমন প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমা চাওয়ার পরই বিষয়টি নিয়ে ভাববেন তারা।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একতরফা নির্বাচন হয়েছিল, এদিনে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের মানুষের মেমোরি এতো শর্ট না। ১৫ ফেব্রুয়ারির মতো প্রহসনমূলক নির্বাচন আর বাংলাদেশে হয়নি। কাজেই ওই নির্বাচন করার কলঙ্কে যারা কলঙ্কিত, সুষ্ঠু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা তাদের কি উচিত? আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।