বাংলাদেশ ক্রিকেট লিগ

দল না পেয়ে হতাশ শাহাদাত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৩২

শাহাদাত হোসেন রাজীব ও মোহাম্মদ আশরাফুল; বাংলাদেশ জাতীয় দলের একসময়ের নিয়মিত দুই সৈনিক। এখন নানা কারণে দলের বাইরে থাকা এই দুই ক্রিকেটার এখন আবার জাতীয় দলে ফেরার স্বপ্নে লড়াই চালাচ্ছেন। কিন্তু সেই স্বপ্নটায় একটা ধাক্কা লেগেছে। ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) কোনো দলই নিজেদের স্কোয়াডে নেয়নি এই দুই ক্রিকেটারকে। গতকাল শাহাদাত হোসেন বললেন, জাতীয় দলে ফেরার যে স্বপ্ন, সেটা একটা ধাক্কা খেয়েছে এই ঘটনায়।

শাহাদাত বলছিলেন, এই দল না পাওয়াটা তার জন্য অনেক বড় একটা ধাক্কা, ‘অনেক বড় একটা হতাশা। বিশ্বাস ছিল কেউ কেউ না আমাকে দলে নেবে। ভাবছিলাম কোনো ফাস্ট বোলারকে যদি নেয়া হয় তাহলে হয়তো আমি সুযোগ পাবোই। ভাবছিলাম বিসিএলটা ভালো খেললে হয়তো টেস্ট দলে ফেরার পথটা সহজ হবে। সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে। টেস্ট ক্রিকেটে আসার জন্য এতো কিছু করা। জাতীয় লিগটা ভালো খেলার চেষ্টা করেছি। কিন্তু অপ্রত্যাশিতভাবে বিসিএলে সুযোগ পায়নি। বলে বোঝাতে পারবো না আসলে কতটা খারাপ লেগেছে।’

শাহাদাত বলছেন, তিনি সুযোগ পেলে এখনও কোনো দলের হয়ে খেলতে রাজি আছেন। কিন্তু সেজন্য কাউকে বলে-কয়ে দলে সুযোগ পেতে চান না, ‘আমার আসলে ওই ধরনের ক্রিকেট খেলার কোনো ইচ্ছা নেই। কাউকে বলে খেলবো এমন ক্রিকেট খেলার কোনো ইচ্ছা নেই। কারণ আমার জবাব তো মাঠে। আর মাঠে ভালো খেলার পরও যদি আমাকে না নেয় তাহলে আমার কিছু বলার নেই। আমরা যারা সিনিয়র ক্রিকেটার রয়েছি তারা এখনই বুড়া না। আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলতে পারি যেই কোনো ফাস্ট বোলার আমার চেয়ে যদি ভালো করতে পারে তাহলে আমি খেলা ছেড়ে দেব।’

শাহাদাত কিছুতেই হিসাব মেলাতে পারছেন না যে, তাকে কেন কোনো দল স্কোয়াডে নিলো না। তার বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিলো বিভিন্ন সময়। কিন্তু তিনি দাবি করছেন, গত ছয় মাস তিনি মাঠের বাইরেও এমন কিছু করেননি যে, তাকে এভাবে বাইরে রাখা হবে, ‘আমি তো শৃঙ্খলার বাইরে কোনো কাজ করিনি। অনন্ত এই ছয় মাস। আমি উল্টা-পাল্টা কোনো কাজ করিনি। আমি যে কতটা  শৃঙ্খলার মধ্যদিয়ে চলছি সেটা অন্য ক্রিকেটারদের কাছে শুনলেই বুঝতে পারবেন। আমার খারাপ অভ্যাসগুলো প্রায় শেষ। আগে যেগুলো ছিল সেগুলো এখনও করি না। বাসা থেকে অনুশীলনে আসি, অনুশীলন থেকে আবার বাসায় এই হলো কাজ। ইয়াং বয়সে হয়তো অনেক কিছু করেছি। মাঠের ভেতরে আমি কি করছি সেটাই আমার আসল কথা। মাঠের বাইরে কি হলো সেটা তো মূল কথা নয়। এছাড়া জাতীয় লিগের ম্যানেজারের কাছে শুনতে পারেন আমি খারাপ কিছু করেছি কিনা বা কোনোদিন বাস মিস করেছি কিনা। তবে টেস্ট ও চারদিনের ক্রিকেটটা  আমি খুবই মজা করি। এজন্য আমি হয়তো এই ক্রিকেটে ভালো করি।’