বন্দরে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫৯

বন্দরের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কুল শিক্ষক হাসানকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষককে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বন্দরের ধামগড় মালামত এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ধামগড় মালামত এলাকার মৃত আসন আলী প্রধানের ছেলে আঃ রব ওরফে হাসানকে (৬৫) তুচ্ছ ঘটনার জের ধরে একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে হোসেন গতকাল সকাল সাড়ে ৭টার দিকে হকিস্টিক দিয়ে আকস্মিকভাবে শিক্ষক হাসানের উপর হামলা চালায়। সন্ত্রাসী হোসেন হকিস্টিক দিয়ে শিক্ষক হাসানকে বেদম প্রহার করে। একপর্যায়ে হাসান জ্ঞান হারিয়ে ফেলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষক হাসানের পরিবার সূত্রে জানা যায়, হাসানের পুকুরে সন্ত্রাসী হোসেন মাছ চাষ করে আসছিল। পুকুরটি ভরাটের জন্য ১৫ দিন আগে থেকে শিক্ষক হাসান তাকে মাছ ধরে পুকুর খালি করে দেওয়ার কথা বলেন। গত সপ্তাহে হোসেন পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। কিন্তু মাছ ধরে নিয়ে যেতে বলায় ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী হোসেন শিক্ষক হাসানের উপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে স্থানীয় মেম্বার আমজাদ হোসেন বলেন, ঘটনাটি ন্যক্কারজনক। স্যারের উপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তিনি জানান, হোসেন কয়েকদিন আগে এক নারীকে তুলে এনে জোরপূর্বক বিয়ে করে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, হোসেনের বিরুদ্ধে করা অভিযোগটি নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী সন্ত্রাসী হোসেনকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।