আড়াইহাজারে গ্রাহকদের ২০ লাখ টাকা নিয়ে ভুয়া কোম্পানি উধাও

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ভিলেজ ডে ভিলেজ পয়েন্ট’ নামক একটি ভুয়া কোম্পানি গ্রাহকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। বৃহস্পতিবার উপজেলা সদরে শিবপুর গ্রামে এ ঘটনা  ঘটে।

ভুক্তভোগী দাবুরপুরা গ্রামের সালাম, আতাদি গ্রামের সজিব, ব্রাহ্মন্দী গ্রামের মনোয়ারা জানান, ১ ফেব্রুয়ারি আড়াইহাজার পৌর সদরে কাওছার নামে এক ব্যক্তি  শিবপুর গ্রামের চঞ্চল মিয়ার দ্বিতল বাসা বাড়া নিয়ে ‘ভিলেজ ডে ভিলেজ পয়েন্ট’ নামক কোম্পানির অফিস খোলে। পরে তার সহযোগী মামুন ও আতিকুর রহমান নামে আরও দুজনকে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে সহজে ঋণ দেওয়ার কথা বলে ১৫০ জন গ্রাহকের কারও কাছ থেকে ১০ হাজার টাকা, কারও কাছ থেকে ২০ হাজার টাকা করে সঞ্চয় বাবদ প্রায় ২০ লাখ টাকা তুলে নেয়। পরে এই টাকা নিয়ে গত বৃহস্পতিবার ওই তিনজন উধাও হয়ে যায়।

ওই দিনই ঋণ নেওয়ার জন্য গ্রাহকরা কোম্পানির অফিসের সামনে ভিড় করতে থাকে। অফিসে কর্তাদের কাউকে না পেয়ে তারা ওই তিনজনের মোবাইল ফোনে যোগাযোগের জন্য বারবার চেষ্টা করে। কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তখন গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে অফিস স্টাফ আতিকুর রহমানকে ধরে আতাদি বাজারে নিয়ে আটকে রাখে। পুলিশ খবর পেয়ে আতিকুর রহমানকে শুক্রবার সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক আতিকুর রহমান জানান, আমার দুলাভাইয়ের পরিচিত সুজন নামে একজন আমাকে এখানে চাকরি দেন। আমি ওই অফিসে পিওনের চাকরি করি। সুজন, কাওছার ও মামুন— এই তিনজনই অফিসের টাকা নিয়ে পালিয়েছে। আমি এর সঙ্গে জড়িত না।

বাড়ির মালিক চঞ্চল জানান, তার কাছে ওই অফিসের কারও পূর্ণ ঠিকানা বা পরিচয়পত্র নেই। এরা যে প্রতারক তা তিনি বুঝতে পারেননি। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়াইহাজার থানা পুলিশ বৃহষ্পতিবার রাতে দুই মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা  হলো, পটুয়াখালির বাউফল থানার রাজানগর গ্রামের মৃত: দলু হাওলাদারের ছেলে রাকিব (২৭) এবং আড়াইহাজার উপজেলার ঝাউগড়া গ্রামের দীল মোহাম্মদরে ছেলে নুরে আলম (২৮)।

আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে ঝাউগড়া থেকে  তাদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।