গাজীপুরের কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদের বিরুদ্ধে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারি নীতিমালা বহির্ভূত হলেও এর তোয়াক্কা না করে ২০১৯ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছে।
জানা গেছে, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৯ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ১শ জন নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়। এই নতুন শিক্ষার্থীদের কাছ থেকে ১৭৫০ টাকা করে ভর্তি ফি নেওয়া হয়। এছাড়া একই শিক্ষাবর্ষে ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকেও নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি। এছাড়া বিভিন্ন শ্রেণিতে বিদ্যালয়ের চত্বরে ‘বিশেষ ক্লাস’-এর নামে কোচিং বাণিজ্য করে যাচ্ছেন ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এসব অভিযোগের ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদ মোবাইল ফোনে বলেন, “ভর্তি ফি কত নিয়েছে সেটাতো আমি বলতে পারব না। একটা তালিকা করে দেওয়া হয়েছে সেই হারে নেওয়া হচ্ছে। আর এটা তো ফোনে বলা সম্ভব না। আপনি আসেন, এসে দেখে যান।” আর ‘বিশেষ ক্লাসের’ নামে কোচিং এর কথা তিনি অস্বীকার করেন।
কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত বলেন, বিষয়টি তিনি দেখবেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফি প্রধান শিক্ষক নিতে পারেন না। এ ধরনের কাজ করে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
