তবুও গ্রুপ সেরা পর্তুগাল

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৩২

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি উয়েফা নেশন্স লিগে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। তবে ড্রয়ের পরেও গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে পর্তুগিজরা। কোচ ফার্নান্দো সান্তোসের শিষ্যদের বিপক্ষে এমন ড্র-কে ইতালি কোচ রবার্তো মানচিনি সামনের দিকে একটি পদক্ষেপ হিসেবেই দেখছেন।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না ইতালির। ঘরের মাঠ সান সিরোতে এদিন তাই শুরু থেকেই পর্তুগালকে চেপে ধরেছিল আজ্জুরিরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল তারা। লরেঞ্জো ইনসিনিয়ের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন রুই প্যাট্রিসিও। চিরো ইমোবিলের ফিরতি শট বেড়িয়ে যায় গোলপোস্টের একটু উপর দিয়ে। ৩৩ মিনিটে আবারো সুযোগ এসেছিল ইতালীয়দের সামনে। কিন্তু এবারো ইতালির গোল পাওয়ার মাঝে দেয়াল হয়ে দাঁড়ান পর্তুগাল গোলরক্ষক। বাঁ পাশ থেকে ইনসিনিয়ের শটটি ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন প্যাট্রিসিও। এর কিছুক্ষণ পর ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চিও হেডটি লক্ষ্যে রাখতে ব্যর্থ হন।

প্রথমার্ধে নিজেদের ছায়া হয়ে থাকা বার্নার্দো সিলভা-উইলিয়াম কারভালহোরা স্বরূপে ফেরেন দ্বিতীয়ার্ধে। তবে দুর্বল ফিনিশিংয়ের খেসারত দিয়ে গোলের দেখা আর পাননি তারা। ফলে সমতায় থেকেই শেষ হয় ম্যাচটি।

এর ফলে লিগ ‘এ’-এর তিন নম্বর গ্রুপ থেকে শীর্ষস্থান নিশ্চিত করে ফেললো ইউরোপীয় চ্যাম্পিয়নরা। অন্যদিকে অবনমন নিশ্চিত হয়ে গেছে গ্রুপের আরেক দল পোল্যান্ডের।   

এমন ড্রকে ইতালি কোচ মানচিনি দেখছেন সামনের দিকে একটি পদক্ষেপ হিসেবেই। তবে তিনি জানালেন আক্রমণভাগ নিয়ে আরও কাজের অবকাশ রয়েছে তার দলের। ম্যাচ শেষে সাংবাদিকদের মানচিনি বলেন, ‘ফুটবলে গোল করাটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আমাদেরকে আরও উন্নতি করতে হবে।’

মানচিনি আরও বলেন, ‘আমরা পর্তুগালের উপর আধিপত্য বিস্তার করে খেলছিলাম এবং দ্বিতীয়ার্ধে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে কিছুটা ম্লান খেলেছি আমরা। এটা কিছুটা অনুমিতই ছিল কেননা আমরা পুরো ৯০ মিনিট ধরে ওদের অর্ধে খেলতে পারবো না।’

বাজে খেলার খেসারত দিয়ে ৬০ বছর পর এবার বিশ্বকাপে উত্তীর্ণ হতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সে ধাক্কা সামলে ধীরে ধীরে গুছিয়ে উঠছে ইতালি। বিশ্বকাপের পর থেকে এই পর্যন্ত ম্যাচ হেরেছে একটি। আগের ম্যাচেই পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা। এই ম্যাচে গোলশূন্য ড্র করার পর মানচিনির দাবি ধীরে ধীরে উন্নতি করছে তার দল। তিনি বলেন, ‘কিন্তু পোল্যান্ড ম্যাচের সঙ্গে তুলনা করলে এটি এক কদম এগিয়ে যাওয়া। কেননা পর্তুগাল পোল্যান্ডের চেয়ে ভালো প্রতিপক্ষ এবং আমরা পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম।’ 

মানচিনি আরও বলেন, ‘আমরা ফলাফলের জন্যই খেলার চেষ্টা করেছিলাম কিন্তু তরুণ খেলোয়াড়দেরকে মূল্যবান অভিজ্ঞতাও দিতে চেয়েছিলাম আমরা।’