ঢাকার সমস্যার সবাই মিলে সমাধান সম্ভব: আতিকুল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, জলজট, জনজট, মশার উত্পাত, পরিবেশ দূষণসহ ঢাকায় অনেক সমস্যা রয়েছে। তবে সবাই মিলে কাজ করলে সব সমস্যারই সমাধান করা সম্ভব। গতকাল শুক্রবার বনানী ক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সমস্যাগুলো সবারই জানা। এখন সমাধানে কাজ করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, ঢাকার মাঠগুলো দখল হয়ে আছে। সেগুলো উদ্ধার করতে হবে। এজন্য সবাই মিলে কাজ করতে হবে। দশজন কথা বললে দশটা অপশন তৈরি হবে। নির্বাচিত হলে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই।

আমাদেরকে অটোমেশনে যেতে হবে। সিস্টেম ডেভেলপ করতে হবে। সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। যেন লোকজনকে রাস্তায় আসতে না হয়। ব্যবস্থাপনার আধুনিকায়ন হলে রাস্তায় যানজট কমবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা জানি ফুটপাত কে দখল করেছে। ফুটপাত ছেড়ে দিতে হবে যেন মানুষ ব্যবহার করতে পারে। আমি নির্বাচিত হলে রাজধানীর প্রতিটা বাসে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর ব্যবস্থা করব। করা হবে ডিজিটাল বাসস্ট্যান্ড।’

সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দোপাধ্যায় এ অনুষ্ঠানে আতিকুল ইসলামের প্রতি সমর্থন জানান। এর আগে বিকালে মিরপুর মাজার রোডের সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় করেন আতিকুল ইসলাম।