সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় এক বাংলাদেশিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহামাদ ফুজি হারুনের বরাত দিয়ে দ্য স্টার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারির মধ্যে জোহর, সেলাঙ্গর এবং সাবাহ এলাকা থেকে এ ছয় সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন মালয়েশীয় এবং সিঙ্গাপুর, বাংলাদেশ, ফিলিপাইন ও দক্ষিণ এশিয়ার আরেকটি দেশের একজন করে নাগরিক রয়েছেন।
আইজিপি আরও জানান, গত ১৯ ডিসেম্বর জোহর বারু এলাকা থেকে ৪৮ বছর বয়সী সিঙ্গাপুরের এক ব্যবসায়ীকে প্রথম আটক করা হয়। বর্তমানে সিরিয়ায় অবস্থানরত মালয়েশিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নেতা আকিল জয়নালের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেন। সিঙ্গাপুরের এ ব্যবসায়ী জোহর বারু এলাকার একটি ভবনে হামলার উদ্দেশ্যে নতুন জঙ্গি সদস্য নিয়োগের জন্য আকিলের কাছ থেকে অর্থ সহায়তাও পেয়েছিলেন। সিঙ্গাপুরের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, গত ১৯ ডিসেম্বরেই কেলাং এলাকা থেকে ৩১ বছর বয়সী বাংলাদেশি এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়। আমরা বিশ্বাস করি যে, তিনি আইএস’র একজন উগ্র-সমর্থক এবং তিনি আইএসের জন্য সদস্য নিয়োগে কাজ করে আসছিলেন। সিকিউরিটি মিজারস (স্পেশাল অফেন্সেস) অ্যাক্ট ২০১২ এর আওতায় তাদের আটক করা হয়েছে।
