আইএসে যোগ দেওয়া শামিমাকে ফিরতে দেবে না যুক্তরাজ্য

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৭

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়ায় জমানো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ স্কুলশিক্ষার্থী শামিমা বেগমকে যুক্তরাজ্যে ফিরতে নাও দেওয়া হতে পারে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ এ কথা বলেছেন। খবর:বিবিসি।

দ্য টাইমস’কে দেওয়া এক সাক্ষাত্কারে সাজিদ বলেন, আমার বক্তব্য স্পষ্ট। আপনি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করলে আমি আপনার প্রত্যাবর্তন ঠেকাতে দ্বিধা করব না। তিনি বলেন, ১৯ বছরের শামিমা বেগম ফিরে এলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে, যারা আইএসে যোগ দিতে যুক্তরাজ্য ছেড়েছিল, তারা আমাদের দেশকে পুরোপুরি ঘৃণা করে। আপনি এখন দেশে ফিরে আসতে পারলেও আপনাকে প্রশ্ন, তদন্ত এবং বিচারের জন্য প্রস্তুত থাকতে হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে আইএসে যোগ দিতে সিরিয়ায় যায় শামিমা। ইতিমধ্যে এই তরুণী ব্রিটিশ সরকারের কাছে ফেরার অনুমতি চেয়ে আবেদন করেছেন। বর্তমানে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন শামিমা।