রাজনৈতিক সীমারেখা সংস্কৃতিকে বিভক্ত করতে পারে না :হাছান মাহমুদ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২০

রাজনৈতিক সীমারেখা আমাদের বিভক্ত করতে পারলেও সংস্কৃতিকে পারে না। অনেক বিভক্তি ঘোচাতে পেরেছি। আরো দরকার। শুক্রবার নন্দন ২-এ চার দিন ব্যাপী দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করে একথা বলেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, একই সিনেমা দুই বাংলায় প্রকাশ করতে ভারত-বাংলাদেশ দুই সরকারের আরো উদ্যোগ দরকার। সিনেমার লভ্যাংশ বিনিময় নিয়ে উদ্যোগ দরকার। বাগডোগরা-ঢাকা বিমান চলাচল যাতে শুরু হতে পারে, সে নিয়েও কথা বলবো।

পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, বাংলাদেশের সঙ্গে বাগডোগরা বিমান চলাচল শুরু করা গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে শিক্ষা, সংস্কৃতি ও সাংস্কৃতিক বিনিময় আরো ভালো হবে। এখানে যৌথ ভাবে একটা সাংস্কৃতিক উত্সব করা যেতে পারে। এ নিয়ে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলব।

ভারতের আইসিসিআরের মহাপরিচালক, ঢাকায় নিযুক্ত হতে যাওয়া নতুন ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস বলেন,  ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশে দায়িত্ব নিয়ে ঢাকায় একটা ভারতীয় চলচিত্র উত্সবের আয়োজন করতে চাই। পরে তিনি বলেন, সাংস্কৃতিক বিনিময় ও সম্পর্ক কি করে আরো বাড়ানো যায়, তা নিয়ে কাজ করবো।

চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন, বাণিজ্যিক লভ্যাংশের বিনিময় না হতে পারা, দুই বাংলার চলচ্চিত্র বিনিময়ের বড় অন্তরায়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী জয়া আহসান, কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান, প্রথম সচিব (প্রেস ) মোফাক্কারুল ইকবাল।  উত্সবে সোমবার পর্যন্ত বাংলাদেশের ২৩টি চলচ্চিত্র দেখানো হবে নন্দন ২ ও ৩, নজরুল তীর্থ ২-এ।