না থেকেও আছেন রোনালদো

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৩৪

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের পর থেকেই পর্তুগাল জাতীয় দলে অনুপস্থিত ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দলের কোচ ফার্নান্দো সান্তোস বললেন, দলে না থাকলেও রোনালদোকে জাতীয় দলের একজনই মনে করে পর্তুগাল দল।

রাশিয়া বিশ্বকাপে রোনালদো যেন নিজেকে মেলে ধরেছিলেন। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে অনবদ্য এক হ্যাটট্রিকের পর করেছিলেন আরও একটি গোল। কিন্তু তার এমন নৈপুণ্যকে ঠিক কাজে লাগাতে পারেনি তার দল। দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ইউরোপীয় চ্যাম্পিয়নরা। এরপর থেকেই জাতীয় দলের জার্সিতে অনুপস্থিত এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে পাড়ি জমানো এই তারকা।

বিশ্বকাপের পরে তার দল পর্তুগাল খেলেছে পাঁচ ম্যাচ। যার তিনটিতে জয়ের বিপরীতে ড্র করেছে দু’টি ম্যাচে। হার নেই একটিও। ইতোমধ্যে প্রথম দল হিসেবে উয়েফা নেশন্স লিগের শেষ চার নিশ্চিত করেছে রোনালদোহীন পর্তুগাল। তারপরও পাঁচবারের ব্যালন ডি অর জয়ীকে দলের জন্য অবিচ্ছেদ্য এক অংশ হিসেবেই দেখছেন পর্তুগাল কোচ। সান্তোসের ভাষায়, ‘এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই। যদি আপনার মনে থাকে তবে সে ব্যাপারে আমি জানি না। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো এই দলেরই একটা অংশ।’

পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোল (৮৫) এবং সর্বোচ্চ ম্যাচ খেলার (১৫৪) রেকর্ডটি জুভেন্তাস তারকার দখলে। সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের তালিকায়ও রোনালদোর অবস্থান দুইয়ে। ১০৯ গোল করে তার উপরে আছেন কেবল ইরানের আলি দায়ি।