বইমেলা নাকি এখনো পুরোপুরি জমে ওঠেনি। কেন জমেনি, ঘটনা তদন্তে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে ঠাট্টারু সত্যজিত্ বিশ্বাস এসেছে বইমেলায়। আসুন জানি, কোন ক্যাটাগরির মানুষ কী ভাবছে বইমেলা নিয়ে...
চা-সিগারেট
খোরের চোখে
বাংলাদেশে এমন কোনো মেলা আছে, যে মেলার পাশে চা-সিগারেটের দোকান নেই? পাঁচটা স্টলে হাঁটতে হাঁটতে বই দেখব। তারপর টং দোকানের টুলে বসে ধোঁয়ার দুইটা টান আর চায়ের কাপে দুইটা চুমুক। তারপরেই না আবার চাঙ্গা হয়ে পাঁচটা স্টলে ঘুরব। আছে এই ব্যবস্থা? চায়ের স্বাদ কি কফিতে মেটে? এইটা কিছু হইল?
আঁতেলের চোখে
বইমেলা শীতকালে কেন করা হয়, জানেন তো? জমার জন্য। এবার কি তেমন শীত পড়েছে? জমার মতো শীত না পড়লে, বইমেলা কেন কোনোকিছুই তো জমবে না। ঠিক কিনা বলেন?
লেখকদের চোখে
এত বড় বইমেলায় কয়টা পাঠক আছে, বলুন তো? বেশিরভাগই তো চাটক। কারও না কারও আত্মীয়-স্বজন, নাহলে ভাই-ব্রাদার। তারা আসে চাপে পড়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে খেয়াল করে দেখুন তো, এখানে কয়জন কয়টা বই খুলে দুই পৃষ্ঠা বই পড়ে? সবাই লিস্টের বই নিয়েই সরে পড়ে। এ অবস্থা চলতে থাকলে লেখকরা জমে যাওয়ার সাথে সাথে দমে যেতেও বাধ্য।
প্রেমিক-প্রেমিকার চোখে
বইমেলায় এসে চটপটি-ফুচকার দোকানে বসে প্রেম করতেই যদি না পারি, যদি আইসক্রিমে কামড় বসিয়ে কিংবা পাখির ঠোঁট করে সেলফি নাই তুলতে পারি, তবে সেজেগুজে বইমেলায় আসব কেন? আর আমরা যদি না আসি বইমেলা জমার তো কোনো কারণই দেখি না। এখানে কী আছে প্রেম করার কোনো ব্যবস্থা? উল্টো, এতগুলো চ্যানলের ক্যামেরা সবসময় ঘুরঘুর করে। কোন সময় যে কোন চ্যানেলে দেখিয়ে ফেলে, তার নাই ঠিক। ধরা খেয়ে প্রেম হারাব নাকি?
চিন্তাবিদদের চোখে
রাস্তার দু পাশের ফুটপাতে বাধা দেওয়া সত্ত্বেও প্রতিবার বারোয়ারি দোকান বসে, এবার নেই কেন? এবারের মেলায় এত পুলিশ কেন? ঢোকার সময় এভাবে এতসময় নিয়ে চেক তো কোনোবার করেনি, এখন করে কেন? ওরে রে, চারদিকে এত সিসি ক্যামেরা কেন? আগেরবার একটার পাশে আরেকটা বইয়ের স্টল গায়ে গায়ে লাগানো থাকত, এবার এত ফাঁকা কেন? নাহ্ ভাবতে ভাবতে মাথা ধরে গেল, এক কাপ চা খেতে পারলে ভাবনার জ্যাম ছুটত কিছুটা। কী ব্যাপার, কোনো চায়ের দোকান নেই কেন?
সন্দেহবাতিকের চোখে
আপনার সমস্যাটা কী? তখন থেকে লক্ষ্য করছি, আপনি সবাইকে জিজ্ঞাসা করছেন, বইমেলা কেন জমছে না। আপনার কেন মনে হচ্ছে মেলা জমছে না? বইমেলা না জমলে আপনার কী লাভ, আর জমলে কী ক্ষতি? সত্যি করে বলুন তো... আপনি কোন দলের লোক? কে পাঠিয়েছে আপনাকে?
কী ব্যাপার, চললেন কোথায়? চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। একদম নড়বেন না। এই কে কোথায় আছিস রে, এদিকে আয় তো সবাই।
...ইয়ে মানে অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না। পরিদর্শন পর্ব আজকের মতো এখানেই শেষ করছি।
