দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
নগরকান্দা (ফরিদপুর):শনিবার দুপুরে নগরকান্দায় মাটি বহনকারী ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম(২০)। সে উপজেলার তালমা ইউনিয়নের গাংতালমা গ্রামের রফিক শেখের ছেলে।
শেরপুর (বগুড়া): শনিবার সকালে শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের নাম পারভেজ। সে মহিপুর মুন্সিপাড়ার আলমের ছেলে।
জীবননগর (চুয়াডাঙ্গা): জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। শুক্রবার বিকালে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পেয়ারাতলা বাসস্ট্যান্ডে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক জাকির হোসেন(৩৫) গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুঞাপুর (টাঙ্গাইল): শনিবার দুপুরে ভূঞাপুরে ভ্যান উল্টে এক চালক নিহত হয়েছে। তার নাম লাল চাঁন(২৭)। সে গোপালপুর উপজেলার দৌলতপুর গ্রামের জুরান আলীর ছেলে।
বেলাব (নরসিংদী):শনিবার দুপুরে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পুটিমারায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর রিমন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি বাসের যাত্রী ছিল। তবে তার পরিচয় জানা যায়নি।
