শেষ হলো ফুরফুরা শরীফের ইছালে ছওয়াব

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮

দেশ ও দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ঈশ্বরদীর পাকশী ফুরফুরা শরীফের  ৮৯তম বার্ষিক ইছালে ছওয়াব। আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুণাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। যে দিকেই চোখ যায়, সে দিকেই দেখা যায় শুধু টুপি-পাঞ্জাবি পরা মানুষ।

শনিবার ফজরের নামাজের পর মোনাজাত পরিচালনা করেন ফুরফুরার গদ্দীনশীল পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশি। তিনি বাংলায় মোনাজাত পরিচালনা করেন। দিক-নির্দেশনামূলক বয়ানের পর লাখ মানুষের প্রতীক্ষার অবসান ঘটে। জনসমুদ্রে হঠাত্ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে। মাথায় টুপি,  গায়ে পাঞ্জাবি লাখো মুসলিম এ সময় কান্নায় বুক ভাসিয়েছেন।

প্রতি বছরের মতো ফাল্গুন মাসের প্রথম বুধবার গত ১৩ ফেব্রুয়ারি  বাদ আছর হতে পাকশীতে ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার ৮৯তম বার্ষিক ইছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল শুরু হয়। শুক্রবার জুম্মার নামাজে লক্ষাধিক মুসল্লির ঢল নামে। বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন জেলা হতে ধর্মপ্রাণ লাখো মুসল্লি প্রতি বছরের মতো এবারেও মাহফিল ময়দানে সমবেত হয়েছিলেন।