ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আক্তারকে পরিচালক হিসেবে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের যৌথ বেঞ্চ এ নির্দেশনা প্রদান করে। একই বিভাগের অধ্যাপক গোলাম আজমের দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী (বাই রোটেশন ইন অর্ডার অব সিনিয়রিটি) তিনি পরিচালক হওয়ার দাবিদার। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক আজমের আবেদন অগ্রাহ্য করে আর্থিক অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে থাকা অধ্যাপক তাহমিনা আক্তারকে তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তের কোনো নিষ্পত্তি ছাড়াই কর্মস্থলে যোগদান করান এবং ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের নিয়ম ভঙ্গ করে তাকে পরিচালক পদে নিয়োগ দেন। তার এই অভিযোগের প্রেক্ষিতে আদালত এ রায় দেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ইত্তেফাককে বলেন, হাইকোর্টের এ সংক্রান্ত কোনো নির্দেশনা এখনো বিশ্ববিদ্যালয়ে আসেনি। রায়ের কপি আসলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
