একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দা জাকিয়া নুর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোনকে শপথ বাক্য পাঠ করান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল শনিবার স্পিকারের কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালন করেন।
সৈয়দা জাকিয়া নুর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ নির্বাচিত হলেও শপথ নেওয়ার আগেই গত ৩ জানুয়ারি মৃত্যুবরণ করলে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়। এ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সৈয়দা জাকিয়া নুর।
