ডারবানে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা বেশ রোমাঞ্চকরই হলো শ্রীলঙ্কার। গতকাল ডারবানে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারিয়েছে লঙ্কানরা। আট বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিতল শ্রীলঙ্কা। গতকাল শ্রীলঙ্কার শ্বাসরুদ্ধকর জয়টা এসেছে কুশল পেরেরার ব্যাটিং বীরত্বে। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য শ্রীলঙ্কার টার্গেট ছিল ৩০৪ রান। যা তাড়া করতে গিয়ে ২২৬ রানেই নবম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। তারপর স্টেইন-রাবাদাদের হতাশায় পুড়িয়ে শেষ উইকেট জুটিতে বিশ্ব ফার্নান্দোকে নিয়ে অবিশ্বাস্য ৭৮ রান যোগ করেন কুশল পেরেরা।

এই বাঁহাতির ২০০ বলে অপরাজিত ১৫৩ রানের মহাকাব্যিক ইনিংসে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ফার্নান্দো ২৭ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন। দেশকে অসাধারণ জয় এনে দিয়ে ম্যাচ সেরা হন কুশল পেরেরা।