ব্যবধান বাড়াল জুভেন্তাস

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

জুভেন্তাস সিরি আ-তে ফ্রোসিনোনের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে।

কয়েক দিন আগেই কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি জানিয়েছিলেন দলের প্রয়োজনে এক সঙ্গেই খেলতে সক্ষম ক্রিশ্চিয়ানো রোনালদো এবং পাওলো দিবালা। শুক্রবার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামের ম্যাচটিতে দুজনকেই শুরুর একাদশে রাখেন জুভেন্তাস কোচ। ষষ্ঠ মিনিটে দলের প্রথম গোলে ছিল দু’জনের ছোঁয়া। রোনালদোর বাড়ানো বল থেকে প্রতিপক্ষ জালে বল জড়ান দিবালা।

১৭ মিনিটে লিওনার্দো বনুচ্চির লক্ষ্যভেদে ব্যবধান বাড়ায় তুরিনের দলটি। ৬৩ মিনিটে রোনালদো মৌসুমের ২১তম গোলের দেখা পেলে সহজ জয় নিশ্চিত হয় শিরোপাধারী দলটির।

এই জয়ের ফলে জুভেন্তাস এক ম্যাচ বেশি খেলে তালিকার দুইয়ে থাকা ন্যাপোলির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ১৪-তে নিয়ে গেলো। আজ রাতে নিজেদের মাঠে জুভেন্তাসের নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোকে আতিথ্য দেবে ন্যাপোলি।