‘চাপে নেই লিভারপুল’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

লিভারপুলের সামনে ২৯ বছরের প্রিমিয়ার লিগ শিরোপা খরা ঘোচানোর দারুণ সুযোগ এসেছে এই মৌসুমে। পাঁচ বছর আগেও এমন সুযোগ এসেছিল অল রেডদের। কিন্তু চাপের কাছে হেরে গিয়ে সেবার দ্বিতীয় হয়েই শেষ করেছিলেন স্টিভেন জেরার্ডরা। কিন্তু এবার সেই চাপ অনুভব করছে না কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা, অভিমত সহকারী কোচ পেপিন লিন্ডার্সের।

আশির দশকে প্রিমিয়ার লিগে বেশ সমীহ জাগানিয়া দল ছিল লিভারপুল। কিন্তু ১৯৮৯-৯০ মৌসুমের প্রিমিয়ার লিগ সাফল্যের পর ২৯ বছর পেরিয়ে গেলেও শিরোপার স্বাদ নিতে পারেনি অল রেডরা। এরপর সুযোগ অনেক এসেছিল, তিনবার দ্বিতীয় হয়ে লিগ শেষ করা তারই সাক্ষ্য দেয়।

ক্লপের অধীনে এবার সে বৃত্ত ভাঙার দারুণ সম্ভাবনা জাগিয়েছেন সালাহরা। ১২ ম্যাচ হাতে রেখে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে মার্সিপাড়ের দলটি। অনেকের মতে এবারও চাপের কাছে হার মানতে হতে পারে তাদের। তবে দলটির সহকারী কোচ লিন্ডার্স ভিন্নমতই পোষণ করলেন।

ক্লাবটির ওয়েব পাতায় তিনি বলেন, ‘আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ভেতরে ভেতরে উত্তেজনা অনুভব করছি আমরা, কোনো চাপ অনুভব করছি না, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা নিজেদেরকে সেই মুহূর্তের জন্য তৈরি রাখছি।’ শিরোপার খুব কাছাকাছি এসে নিজেদের উপরই মনোযোগটা ধরে রাখতে চান লিন্ডার্স। তিনি বলেন, ‘এটা বেশ গুরুত্বপূর্ণ একটা সময় যেখানে পরের পদক্ষেপটির জন্য ক্রমাগত লড়ে যেতে হবে আমাদের এবং যদি নিজেদের উপর মনোযোগটা ধরে রাখতে পারি আমরা, যেভাবে আমরা খেলতে চাই, উন্নতি করতে চাই এবং প্রত্যেকটা দলকে কিভাবে চাপে ফেলতে চাই সেখানে মনোনিবেশ করতে পারলে ফলাফল আপনাআপনিই আসবে, আর এটাই গুরুত্বপূর্ণ।’ লিভারপুল সহকারী কোচের মতে তার দল যে কোনো পরিস্থিতিতে যে কোনো দলের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি বলেন, ‘এটা একটা বড় সুযোগ, এর বেশি কিছু নয়। আমরা এর যোগ্য হয়ে উঠতে চাই। আমি মনে করি দলটা যে কোনো স্থানে যে কোনো দলের মুখোমুখি হতে প্রস্তুত। আর এ কারণেই আমরা প্রতিপক্ষের জন্য সমস্যার সৃষ্টি করতে সক্ষম হই।’ ক্লপের সহকারী জানালেন অনুশীলনেই নিজেদের সেরাটা বের করে আনার উপায় বের করতে হবে সালাহদের। তিনি বলেন, ‘অনুশীলনের সর্বোত্তম ব্যবহারটা নিশ্চিত করতে হবে আমাদের। এর মাধ্যমেই খেলাগুলোর জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে হবে আমাদের। আমরা সমস্যার সমাধান খুঁজে বের করতেই থাকবো, এ ব্যাপারে আমি নিশ্চিত।’