ব্রাজিল ফুটবলার নেইমারের মতে জীবন লড়াকুদের জন্য। ইনজুরি থেকে সেরে ওঠার মধ্যে থাকা পিএসজি স্ট্রাইকারটি দেশের মাটিতে বসেই মাঠে ফিরতে উদগ্রীব হয়ে এমন মন্তব্য করেছেন।
বিশ্বের সবচাইতে দামি এই ফুটবলার নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কঠোর মনোভাব প্রকাশ করেছেন। পায়ের ইনজুরিতে ভুগছেন তিনি। গত মাসের স্ট্রাসবুর্গের বিরুদ্ধে ফরাসি কাপের খেলায় এই ইনজুরিতে পড়েন নেইমার। তারপর থেকেই মাঠছাড়া পিএসজি তারকা।
নেইমার এই ইনজুরিতে পড়ায় ম্যানচেষ্টার ইউনাইটেডের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় পিএসজির ২-০ গোলের জয়টিতে থাকতে পারেননি। তবে নেইমার আশাবাদী যে কোচ টমাস টুখেলের পিএসজি যদি ম্যানচেষ্টার ইউনাইটেডের বিরুদ্ধে ফিরতি লেগে উতরাতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালের আগে ফিট হয়ে উঠবেন তিনি।
ইংলিশ ক্লাবটির মাঠে ওই জয়ে পিএসজির গোলগুলো ব্রাজিলে বসেই উদযাপন করেছেন নেইমার। সেই উদযাপনের ভিডিও ইনস্টাগ্রামে দিয়েছেন ২৭ বছর বয়সী এই সুপারস্টার।
এক ব্যক্তি মালিকানাধীন বিমানের সামনে দাঁড়িয়ে নিজের ক্রাচ দুটিকে আড়াআড়ি ভাবে রেখে তিনি শিরোনাম দিয়েছেন,‘জীবন লড়াকুদের জন্য, কোনোকিছুই আমাকে দুর্বল করে না।’ তা নেইমার মাঠে ফেরার ব্যাপারে যত উচ্ছ্বাসই দেখান না কেন, তার কোচ টুখেল মনে হয় না দলের সেরা খেলোয়াড়টিকে নিয়ে ঝুঁকি নেবেন। স্কোরসওয়ে।
