চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় গতকাল রবিবার। চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারসহ বিশ্ববিদ্যালয় পরিবার বঙ্গবন্ধু চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। তারপর সকলের অংশগ্রহণে উপাচার্য সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় উপাচার্য তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়। এই অহংকার ও গৌরবের জায়গাটুকু অধিকতর ফলপ্রসূ করতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে ‘সততা-স্বচ্ছতা-জবাবদিহিতা’ নিশ্চিতকরণকল্পে প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন স্থাপনাসহ অন্যান্য কাজের কথা উল্লেখ করে আরো বলেন, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে সেশনজট নেই বললেই চলে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিজ্ঞানসম্মত গবেষণায় আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন। যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে এগিয়ে চলার পথকে আরো সঞ্চারিত করছে।’ আলোচনা সভায় ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। এছাড়া কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, সিনেট সদস্য প্রফেসর এ বি এম আবু নোমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহামদ ও সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ প্রমুখ —ইত্তেফাক
