চীন মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প দর্শনার্থীদের জন্য বন্ধ করেছে। বিশেষত যাদের পর্বতারোহণের অনুমতি নেই তাদের জন্য বন্ধ করা হয়েছে। বেস ক্যাম্পগুলোতে আবর্জনা বাড়তে থাকার কারণে তা ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এতে করে পর্যটকরা কেবল বেস ক্যাম্পের পাঁচ হাজার ২শ মিটার উচ্চতার কিছুটা নিচে অবস্থিত মঠ পর্যন্ত যেতে পারবেন।
দর্শনার্থীদের সংখ্যা বাড়তে থাকার কারণে বিশ্বের সর্বোচ্চ এ পর্বতশৃঙ্গটি বছরের পর বছর ধরে আবর্জনায় ভরে উঠছে। সে কারণেই সাধারণ পর্যটকদেরকে রাংবুক মঠের ওপরে আর যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। তবে যেসব পর্বতারোহীর আট হাজার ৮৪৮ মিটার উচ্চতায় ওঠার অনুমতি আছে তাদেরকে উপরের বেস ক্যাম্পে যেতে দেওয়া হবে।
বেশির ভাগ মানুষই পর্বত আরোহণ করতে যান নেপালের দক্ষিণ অংশ দিয়ে। কিন্তু গত কয়েক বছর ধরে চীনের অংশ দিয়েও পর্বতে মানুষের পদচারণা বাড়ছে। তবে পর্যটক সমাগম বাড়তে থাকায় বিশ্বের এ সর্বোচ্চ শৃঙ্গটিতে ফেলে রাখা আবর্জনার স্তূপ ক্রমে বাড়ছে।
চীনের বেস ক্যাম্পটি অবস্থিত তিব্বতে। গাড়ি নিয়ে সেখানে যাওয়া যায় বলে এর জনপ্রিয়তা বাড়ছে। অন্যদিকে, নেপালের বেস ক্যাম্পে প্রায় দুই সপ্তাহ ধরে ট্রেকিং করেই কেবল সেখানে পৌঁছানো যায়। চীনের পর্বত অ্যাসোসিয়েশনের তথ্য মতে, ২০১৫ সালে ৪০ হাজার মানুষ এভারেস্ট বেস ক্যাম্প দর্শন করেছে। অন্যদিকে নেপাল সরকারের তথ্য মতে, ২০১৬-১৭ সালে দেশটির এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে দেখেছে রেকর্ড ৪৫ হাজার দর্শনার্থী।
