চাটখিল এবং সোনাইমুড়িতে অবৈধ মোটরসাইকেলের অবাধ চলাচল!

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪১

চাটখিল ও সোনাইমুড়ি  (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালী জেলার চাটখিল এবং সোনাইমুড়িতে অবাধে চলাচল করছে অর্ধ সহস্রাধিক অবৈধ মোটরসাইকেল। এ সব মোটরসাইকেলের চালকদের অধিকাংশই হেলমেট পরিধান করছে না। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা।

জানা গেছে, চাটখিল এবং সোনাইমুড়িতে ৫/৬ শ অবৈধ মোটরসাইকেল রয়েছে। এ সমস্ত মোটরসাইকেলের কোনো বৈধ কাগজপত্র এবং লাইসেন্স নেই। এগুলোর বেশিরভাগই দেশের বিভিন্ন স্থান থেকে চুরি করে আনা। চাটখিল এবং সোনাইমুড়ির প্রায় শতাধিক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন এগুলো ব্যবহার করছে। এ দুই উপজেলার ২ পৌরসভার ১৯ ইউনিয়নের হাট-বাজারসহ রাস্তাঘাটে এ মোটরসাইকেল অহরহ চলাচল করছে। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে আন্দোলন হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তত্পর হয় এবং কিছু সংখ্যক মোটরসাইকেল আটক করে আবার অনেক মোটরসাইকেল চালকের জরিমানা অথবা এদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। তা ছাড়া মোটরসাইকেলে চলাচলকারীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়। সাম্প্রতিক সময়ে পুলিশের শিথিল ভূমিকার কারণে এ সব মোটরসাইকেল আবার চলাচল শুরু করেছে। অনেক মোটরসাইকেলেই ৩ জন হেলমেটবিহীন অবস্থায় চলাচল করছে। মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকলে তেল বিক্রি না করতে জেলা পুলিশ সুপারের নির্দেশনা পেট্রোল পাম্পগুলোতে টাঙিয়ে রাখা হলেও পেট্রোল পাম্পগুলো ওইসব মোটরসাইকেলের জন্য তেল বিক্রি করছে।

সোনাইমুড়ি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুল্লা জানান, এ সব অবৈধ মোটরসাইকেল বাজারের অলিগলিতে চলাচল করে। এতে বাজারের ক্রেতা এবং ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম জানান, অবৈধ মোটরসাইকেল আটক করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং নির্বাচনকালীন সময়ে আরো বেগবান করা হবে।