রংপুর অফিস
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গতকাল রবিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতান আহমেদের সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: আলমগীর কবিরের সঞ্চালনায় ‘হাসপাতালের সেবায় সুশাসন ও মানোন্নয়নে বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা এবং করণীয়’ বিষয়ক আলোচনা হয়।
সভায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ও সনাক-টিআইবি’র সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডকে নির্বাচিত করে ওই ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে সার্বিকভাবে নাগরিক সচেতনতা বৃদ্ধি, অনিয়ম দূরীকরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি, অতিরিক্ত লোকের চাপ হ্রাসকরণে একসাথে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে সনাকের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের তরুণ স্বেচ্ছাসেবী সদস্যদের মাধ্যমে কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় হাসপাতালের মেডিসিন (মহিলা) ওয়ার্ডে আগামী ডিসেম্বর মাস থেকে নিয়মিতভাবে এ কার্যক্রম শুরু করা হবে। এর আগে সভায় সনাক-টিআইবি’র পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধির অংশ হিসেবে ওয়ার্ডে ডাক্তার ও নার্সদের ডিউটি রোস্টার হালনাগাদ ও প্রদর্শিত রাখা, অভিযোগ ও নিষ্পত্তি এবং তথ্য আবেদন ও তা সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে রেজিস্টার মেইনটেইন করা, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট হালনাগাদ করা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণে একমত পোষণ করেন।
সনাক সভাপতি মোশফেকা রাজ্জাক ও সনাক সদস্য সামসাদ বেগম ইতোমধ্যে গৃহীত নানা উদ্যোগের প্রশংসা করে এ প্রচেষ্টা চলমান রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতান আহমেদ আগামীতে সেবার মানোন্নয়নে সকলে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ, টিআইবি’র কর্মকর্তা এবং সনাক-এর ইয়েস গ্রুপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
