বিএনপি-জামায়াত কেউ কাউকে ছাড়বে না

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২

দীর্ঘ দুই দশকের জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে ত্যাগ করবে না বিএনপি। আবার জামায়াতও ছাড়বে না বিএনপিকে। বিএনপির একটি অংশ জামায়াতকে পরিত্যাগ করার পক্ষে মতামত দিলেও দলের হাইকমান্ড নাকচ করে দিয়েছে। বিএনপি নেতারা বলছেন, কারও কথায় কেউ কাউকে ছেড়ে যাবে না। তবে জামায়াত স্বেচ্ছায় ২০ দলীয় জোট ছেড়ে গেলে যেতে পারে। সেটা তাদের এখতিয়ার। অপরদিকে গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, তারা ২০ দলীয় জোট ছাড়বে না। আরো সক্রিয় হবে। সভায় বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়। বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, দলের কারাবন্দি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জামায়াতকে নিয়ে কোনো মহলের দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য দলের নেতাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের ঐক্য যেনো অটুট থাকে এবং জোটকে আরো সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। ঐ নেতা বলেন, বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সখ্য এখনো অটুট রয়েছে। ভবিষ্যতেও থাকবে। সরকার ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে। তবে কোনো লাভ হবে না। আর জামায়াতকে বাদ দিলে ২০ দলীয় জোট ধরে রাখা সম্ভব হবে না।

২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামায়াতকে নিয়ে সরকারের এতো অ্যালার্জি কেনো? সরকার জামায়াতকে নিষিদ্ধ করে দিক; কিন্তু সরকার তো তা করছে না। বরং এটা নিয়ে রাজনীতি করছে। 

জামায়াত বিরোধী নেতা হিসাবে পরিচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, জামায়াতের পক্ষে কথা বলার মতো লোকের সংখ্যাও বিএনপিতে এখন কমে আসছে। আমাদের অনেকের মনোভাব জোটে জামায়াতকে না রাখার পক্ষে।

তবে জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম বলেন, নির্বাচনে পরাজয়ের পর এখন অনেকেই অনেক কথা বলছেন। উপদেশ দিচ্ছেন। বিএনপি জামায়াতকে ছেড়ে দেবে এ ধরনের কোনো বার্তার কথা জানি না।

এদিকে ২০ দলীয় জেটের কয়েকজন নেতা আলাপকালে বলেন, জামায়াতকে বাদ দিলে ২০ দল ভেঙে যাবে। কারণ ২০ দলের অধিকাংশ ছোট দল পুরোপুরি জামায়াত প্রভাবিত। কোনো কোনো দল জামায়াতের অর্থে চলে। একজন নেতা বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত থাকবে কি না সন্দেহ আছে। তবে ২০ দল অটুট থাকবে। কারণ আদর্শগত দিক দিয়ে ড. কামাল হোসেনদের বিপরীতে বিএনপি। তাদের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে বিএনপির মতভেদ থাকবেই। জামায়াতকে নিষিদ্ধ করা হলে নতুন নামে তারা ২০ দলীয় জোটে থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, বিএনপি যদি জামায়াতকে ছেড়ে দেয় সেটা ভালো হয়। তারাতো একাত্তরের জন্য এখনো ক্ষমা চায়নি। আমরা শুরু থেকেই এই ছাড়ার কথা বলে আসছি।