ভারতের পাশে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৪৮ দেশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪

ভারত শাসিত কাশ্মিরের পুলওয়ামা’তে জঙ্গি হামলায় আধা সামরিক বাহিনী সিআরপিএফের কমপক্ষে ৪০ সদস্য নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, বাংলাদেশসহ বিশ্বের ৪৮টি দেশ। গতকাল শনিবার ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদের হামলার ঘটনায় তাত্ক্ষণিকভাবে কঠোর নিন্দা জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। বিবৃতিতে বলা হয়, জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ভারত সরকারের পাশে থাকতে যুক্তরাষ্ট্র ‘দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ’। জঙ্গিদের আশ্রয় ও সমর্থন না দিতে বিশ্বের দেশগুলোর প্রতিও আহ্বান জানানো হয়। একদিন পরই শুক্রবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। মার্কিন উপদেষ্টা বলেন, আত্মরক্ষার্থে ভারতের যে কোনো পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র। এ সময় বোল্টন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের মদদ দিচ্ছে পাকিস্তান। এটা বন্ধ না করলে তাদের ভুগতে হবে।

কাশ্মিরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় হামলার নিন্দা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। এদিকে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়েছে, যে কোনো ধরনের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে বাংলাদেশের। এ হামলার পর বাংলাদেশের জনগণ ভারতের পাশে রয়েছে।