ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দশজন নিহত হয়েছেন। এদের মধ্যে সিলেটে বাসের ধাক্কায় এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। অফিস প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
নরসিংদী: নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিমারা নামক স্থানে গতকাল যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রিমন (৭) নামে এক শিশু নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল ও বাকীদের ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণী নিহত ও অপর একজন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হূদয় (২২) ও শারমিন (১৭)। নিহত ও আহত তিনজনই পেশায় নৃত্যশিল্পী। তারা তিনজন নরসিংদী জেলায় একটি নাচের অনুষ্ঠান শেষে একই মোটরসাইকেল যোগে ঢাকায় ফিরছিলেন।
সাতকানিয়া (চট্টগ্রাম): সাতকানিয়ায় দিদারুল ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া ৬নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির রফিকুল ইসলামের ছেলে। দিদার উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার আওয়ামী যুবলীগের সম্পাদক মণ্ডলীর সদস্য।
ভেড়ামারা (কুষ্টিয়া): ভেড়ামারায় কুষ্টিয়া সুগার মিলের ট্রলির চাকায় পৃষ্ট হয়ে সুমি খাতুন (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গত শুক্রবার ভেড়ামারা উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়ার বিপুল হোসেনের স্ত্রী।
স্টাফ রিপোর্টার, বগুড়া: দুপচাঁচিয়া উপজেলার কাথোহালী এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় মর্জিনা খাতুন (৩৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন। আহত দুইজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট অফিস: শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় বাসের সঙ্গে অটোরিক্সার এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম মোহাম্মদপুর এলাকার মৃত লিয়াকত হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা চাঁদনী (১৮), তার চাচাতো বোন ও একই এলাকার সৈয়দ মোজাম্মেল আলীর মেয়ে লিয়া বেগম (১৭) এবং তাদের ভাবি তাসনিম আক্তার (১৯)। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী। এদের মধ্যে চাঁদনী ও লিয়া দক্ষিণ সুরমার দুটি কলেজের শিক্ষার্থী।
পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে গতকাল সন্ধ্যায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়ি আরোহী ছুলেমা খাতুন (৩৫) নামের এক নারী নিহত ও অপর তিন যাত্রী আহত হয়েছেন। নিহত ছুলেমা খাতুনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চানপুর গ্রামে।
