আগারগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর আগারগাঁওয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত অভিযোগে আব্দুর রাজ্জাক (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। 

শিশুটির মায়ের উদ্ধৃতি দিয়ে শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী জানান, শিশুটির মা-বাবা আগারগাঁওয়ে ভাত বিক্রি করেন। মেয়েটি স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণিতে পড়ে। স্কুল ছুটি শেষে বাসায় ফেরার সময় প্রতিবেশী আব্দুর রাজ্জাক তার মুখে গামছা দিয়ে বেঁধে নিজের রুমে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এরপর মেয়েটি রক্তাক্ত অবস্থায় দৌড়ে রুম থেকে বের হয়ে বাসায় আসে। এ সময় তার মা-বাবা ভাত বিক্রি করছিলেন। খবর পেয়ে তারা শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ওসি আরো জানান, অভিযুক্ত আব্দুর রাজ্জাক বাংলাদেশ বেতারে মিউজিশিয়ানের কাজ করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।