ইত্তেফাক রিপোর্ট
নিউ জেএমবির দুই জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট অ্যান্ড ই-মেইল ক্রাইম টিম। গত শুক্রবার যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে সেসময় নিউ জেএমবির আরো দুই জন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গিয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. আল আমিন (২৭) ও শেখ গোলাম হোসেন ওরফে মিলাদ (২৭)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।
ডিএমপির সাইবার সিকিউরিটি সূত্র জানায়, গত শুক্রবার সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ই-মেইলে একটি মেইল আসে যে, মাতুয়াইল এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট কিলিং ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার উদ্দেশ্যে কিছু লোক গোপন বৈঠক করছে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকাল সাড়ে চারটায় মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়। আল আমিন স্বীকার করে, সে নিউ জেএমবির সিলেট এলাকার আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালন করছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে শেখ গোলাম হোসেন ওরফে মিলাদকে (২৭) গ্রেফতার করা হয়।
