যশোর অফিস
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ১১তম সীমান্ত সমন্বয় সম্মেলন আজ রবিবার শুরু হবে। ১৭-২০ ফেব্রুয়ারি এই চারদিনের সম্মেলনে বিজিবির যশোর ও রংপুর রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ার পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়াও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের পরিচালক (অপারেশন) আহমেদ জুনাইদ আলম খান জানান, যশোর শহরের একটি অভিজাত হোটেলে চারদিনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের অতিরিক্ত মহাপরিচালক আবু তাহের মোহাম্মদ ইব্রাহীম এনডিসি-এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের প্রতিনিধি দলে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর-এর রিজিয়ন কমান্ডার এবং যশোর ও রংপুর রিজিয়নের সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারগণ, বিজিবি সদর দপ্তরের প্রতিনিধি, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি বৃন্দ অংশগ্রহণ করবেন।
অপরদিকে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ইয়াগেশ বাহাদুর খুরানিয়া, আইপিএস-এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ নর্থবেঙ্গল ও গোহাটি ফ্রন্টিয়ারের আইজি, সংশ্লিষ্ট ফ্রন্টিয়ারের ডিআইজিগণ, ফ্রন্টিয়ার ও সেক্টর পর্যায়ের স্টাফ অফিসারবৃন্দ, ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
