কাঁচপুর সেতুতে পিকআপ ভ্যানে আগুন, দীর্ঘ যানজট যাত্রীদের দুর্ভোগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৮

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর সেতুতে কাগজবোঝাই একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের পানিবাহী গাড়ি এসে তাত্ক্ষণিক আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের এক্সক্যাভেটরের সাহায্যে পিকআপে থাকা আগুন লাগা কাগজগুলো দ্রুত সরিয়ে সেতুর পাশে ছড়িয়ে দেওয়া হয়। ট্রাকটি আংশিক পুড়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশে মহাসড়কে আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যানজটে আটকেপড়া শত শত যানবাহনের যাত্রীরা।  পিকআপ ভ্যানটির চালক মিলনের বরাত দিয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার দুপুরে রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে কাগজ বোঝাই করে পিকআপ ভ্যানটি রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার ঢাকা পেপার মিলে যাচ্ছিল। দুপুরে পিকআপ ভ্যানটি কাঁচপুর সেতুতে উঠলে আকস্মিকভাবে আগুন ধরে যায়।

কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো. বাচ্চু মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহাসড়কে অন্য কোনো যানবাহন থেকে কারও নিক্ষিপ্ত সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মোল্লা তাছলিম জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে মহাসড়ক যানজটমুক্ত হয়ে পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।