কারাবন্দি শিমুল বিশ্বাসের সুচিকিত্সার দাবি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৯

ইত্তেফাক রিপোর্ট

এক বছর যাবত্ নারায়ণগঞ্জ কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার স্বজন ও বিএনপির পক্ষ থেকে গতকাল অভিযোগ করা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও কারাগারে তার সুচিকিত্সা করা হচ্ছে না।

তার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ, ব্যারিস্টার মীর হেলাল ও তার স্বজনরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কয়েক মাস আগে চিকিত্সার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইকো টেস্টে তার হার্টে ছিদ্র ধরা পড়ে। কিন্তু কোনো চিকিত্সা দেওয়া হয়নি। চিকিত্সকরা জানান, শিমুল বিশ্বাসের প্রস্রাবে সমস্যা, ত্বকে সমস্যা, ডায়াবেটিস বেড়ে গেছে। দুই হাত-পা, চোখ ফুলে গেছে। প্রেসারও হাই। শিমুল বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়ার সঙ্গে থাকা শিমুল বিশ্বাসকে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ গ্রেফতার করে।