জরুরি অবস্থা জারি ইস্যুতে আইনি মোকাবেলা করতে হবে ট্রাম্পকে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২১

 

ইত্তেফাক ডেস্ক

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানে অর্থ বরাদ্দের জন্য জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই পদক্ষেপে অসন্তুষ্ট বিরোধী ডেমোক্র্যাটসহ অনেক আইনজীবীও। প্রেসিডেন্ট ট্রাম্প ১৯৭৬ সালের আইনি ক্ষমতাবলে শুক্রবার জরুরি অবস্থা জারির কথা জানান। ডেমোক্র্যাট, কয়েকটি রাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং অন্তত একটি অ্যাডভোকেসি গ্রুপ প্রেসিডেন্ট ট্রাম্পকে আদালতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তবে ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক পিটার শেনের মতে, আইনিভাবে মোকাবেলা করে তেমন কোনো লাভ হবে না। এর আগে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিম্ন আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে রায় দিলেও সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা বহাল রেখেছিল। এবারও তাই হবে। কারণ সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারকরা সংখ্যাগরিষ্ঠ। -রয়টার্স