লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সীরাত ময়দানে ১৯ দিনব্যাপী ৪৮তম সীরতুন্নবী (স:) মাহফিল আজ সোমবার শুরু হচ্ছে। চুনতির সীরাত ময়দানে জোহর নামাজের পর কোরআন তিলাওয়াতের মাধ্যমের মাহফিল শুরু হবে। মাহফিল উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিল দেশের বশিষ্ট আলেমেদ্বীনগণ নির্দিষ্ট আলোচ্য সূচির উপর আলোচনায় অংশ নেবেন।
চুনতি সীরতুন্নবী (স:) মাহফিল পরিচালনা কমিটির সভাকক্ষে গোলাম কবিরের সভাপতিত্বে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম শহর থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পাহাড় বেষ্টিত নয়নাভিরাম লোহাগাড়ার চুনতি গ্রামের অবস্থান। ১৩ একর আয়তন বিশিষ্ট এ ময়দানে ১৯৭২ সাল থেকে সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। মাহফিলের গোড়াপত্তন করেন শাহ সাহেব কেবলা চুনতি।
