প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুষ্টিয়ায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের শোভাযাত্রা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৫

কুষ্টিয়া প্রতিনিধি

পাঁচ ভাগ প্রবৃদ্ধি ও ২০ ভাগ বৈশাখী ভাতা প্রদানের ঘোষণায় কুষ্টিয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে। গতকাল রবিবার সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সামবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মো. নওয়াব আলী, উপাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন লাভীন, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম জোয়ার্দার, মিলপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জেবুন নেছা সবুজ, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমুখ। জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-কর্মচারী আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখীভাতা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা চির কৃতজ্ঞ। পাশাপাশি দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা উল্লেখ করেন।