ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে চলবে গাড়ি!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি যুক্ত হয়েছে অনেক আগেই। স্মার্টফোনের পাশাপাশি এবার গাড়িতেও যুক্ত হয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। ফলে, এখন থেকে গাড়ির চাবি ছাড়াই শুধু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে গাড়ি বন্ধ ও চালু করা যাবে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই সম্প্রতি ঘোষণা দিয়েছে যে, তারা খুব শীঘ্রই নতুন মডেলের গাড়িতে সিকিউরিটি জোরদারের লক্ষ্যে চাবির পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুন্দাই মোটর্স জানিয়েছে, ২০১৯ সালেই বাজারে আসতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার-সহ গ্রথম গাড়ি ‘হুন্দাই শান্তা ফি’।  জানা গিয়েছে, এই মডেলের গাড়িটির দরজা খোলার জন্যও ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও, গাড়ি চালু করতে গেলেও কার্যকর হবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি। এই ফিঙ্গারপ্রিন্ট  সেন্সর  ব্যবহার করে স্টিয়ারিং-এর বা সিটের পজিশন ঠিক করে নেওয়া যাবে। যদি একাধিক ব্যক্তি গাড়িটি চালাতে চায় তাহলে কীভাবে তা সম্ভব হবে? এমন প্রশ্ন রয়েছে অনেকের মনেই।  এ বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, একাধিক ব্যক্তি যদি গাড়িটি চালাতে চায় তাহলে গাড়ির সিস্টেমে আগে থেকেই ফিঙ্গারপ্রিন্ট এর তথ্য সংগ্রহ করতে হবে।