জগন্নাথপুরে দুর্ভোগ

সড়ক না থাকায় ব্রিজ পরিত্যক্ত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় খালের উপর সড়কবিহীন ব্রিজটি নির্মাণের পর ২০ বছর পেরিয়ে গেলেও ব্রিজের দুই পাশে কোনো সড়ক না থাকায় মাঠের একপাশে দণ্ডায়মান পরিত্যক্ত ব্রিজটি এলাকাবাসীর কাজে আসছে না। ফলে ওই ব্রিজের পাশ দিয়ে গ্রামবাসীর ব্যবহূত সড়কে ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে রয়েছেন পশ্চিম ভবানীপুর গ্রামসহ আশপাশ এলাকার জনসাধারণ। ৩টি স্প্যানে প্রায় ২৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নিয়ে বেশ কয়েকবার পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এলজিইডি অফিস ও পৌরসভা কর্তৃপক্ষ বলছেন, ব্রিজ নির্মাণের তথ্য না থাকায় কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তত্কালীন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্রিজটি নির্মাণ করা হয়। পরবর্তীতে নির্মিত ব্রিজটির দুই পাশের সড়ক পথের পরিবর্তন করায় ব্রিজটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

জগন্নাথপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে সড়কবিহীন দণ্ডায়মান ব্রিজটি  জনসাধারণের কাজে আসছে না।

৯নং ওয়ার্ড কাউন্সিলার দ্বিপক গোপ জানান, ব্রিজটি কত সালে নির্মিত হয়েছিল তা আমার জানা নেই। তবে ধারণা করা হচ্ছে ২০/২১ বছর আগে নির্মান করা হয়েছে।

উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম সারোয়ার জানান, ব্রিজটির নির্মাণকারী প্রতিষ্ঠানের কোনো তথ্য আমার জানা নেই। তবে ব্রিজের স্থানটি পৌরসভার হওয়ায় বিষটি পৌর কর্তৃপক্ষ দেখবেন।

এরপরও কবে ব্রিজটির নির্মাণকাজ হয়েছে তার খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।