সড়ক দুর্ঘটনা ও চাঁদাবাজি রোধে লক্ষ্মীপুরে মতবিনিময়

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

 

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মহাসড়কে সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও হয়রানি রোধে সিএনজি চালক, শ্রমিক এবং মালিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরের উত্তর তেমুহনী চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে ও জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মামুন আল আমিনের সভাপতিত্বে ও ট্রাফিক পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দীন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্উদ্দিন টিপু, বিআরটিএ’র সহকারী পরিচালক আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন, জেলা বাস মালিক সমিতির সভাপতি নূর নবী চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম, জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক  দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ, সিএনজি ড্রাইভার বাবুল হোসেন বাবলু, ট্রাক ড্রাইভার মো. মাসুদ।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন সড়কে পরিবহন থেকে কাউকে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। যদি কেউ পুলিশ বাহিনীর নামেও কোনো চাঁদাবাজি করে এবং চাঁদা তুলতে যায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।