কুমিল্লায় ট্রাফিক পুলিশের ওপর হামলা, ব্যবসায়ীর এক বছরের সাজা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪২

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর হামলা ও শারীরিকভাবে আহত করার অভিযোগে শাহাদাত্ নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার শনিবার রাতে এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত শাহাদাত্ হোসেন ভুঁইয়া নগরীর রেইসকোর্স এলাকার পিয়ারলেস নামক একটি হাসপাতালের পরিচালক বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল আবুল কাশেম শনিবার রাত ৯টার দিকে নগরীর রেইসকোর্স এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে কনস্টেবল আবুল কাশেম যানজট নিরসন করতে গিয়ে শাহাদাত নামে এক ব্যবসায়ীর সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ব্যবসায়ী শাহাদাত্ ট্রাফিক পুলিশ আবুল কাশেমের উপর চড়াও হন এবং তাকে মারধর করে পরিহিত ইউনিফর্ম টেনে ছিঁড়ে ফেলেন।

খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কর্তব্য কাজে বাধা প্রদানসহ আক্রমণ ও অপরাধমূলক বল প্রয়োগের কারণে অভিযুক্ত শাহাদাতকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে এবং তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশের অভিযানে আটক

২৩১ জন

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে গত ৪৮ ঘণ্টায় ২৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার সকাল থেকে গত রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময়ে পুলিশ ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয়সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার ১৭টি থানা এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য বহন-পাচার ও নিয়মিত মামলাসহ নানা অপরাধে ২৩১ জনকে গ্রেফতার করে। এ সময়ে পুলিশ ৪ হাজার ৪৬৪ পিস ইয়াবা, ৩২ বোতল ফেনসিডিল, ৬৩ কেজি গাঁজা, ১৫ লিটার চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে।

জেলা বিশেষ শাখার পরিদর্শক মাহবুব মোরশেদ জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মাদকদ্রব্য বহন ও পাচারের অভিযোগে ৬৮টি মামলায় ৮৭ জনকে এবং নিয়মিত মামলায় ৮৮ জনসহ নানা অপরাধে মোট ২৩১ জনকে গ্রেফতার করেছে। মাদক ও অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।