ট্রাক হেলপার আটক
রাজবাড়ী প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার রেল ক্রসিংয়ে শনিবার রাতে ইটভাটার ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে ট্রেনের একটি বগির কিছু অংশ। এ ঘটনায় ওই ট্রাকের হেলপার জাহিদকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বসন্তপুর বাজার রেল ক্রসিংয়ের গেটম্যান যুবরাজ জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী মেইল ট্রেনটি আসার সিগনাল পেয়ে তিনি রেল ক্রসিংয়ের দুটি গেট বন্ধ করে দেন। কিন্তু রেল ক্রসিংয়ের কাছেই বসন্তপুর-সুলতানপুর সড়কে রেললাইন ঘেঁষে ইটভাটার একটি ট্রাক পার্কিং করা ছিল। ট্রেনটি যখন কাছাকাছি চলে আসে তখন তিনি বিষয়টি দেখে চালককে বিপদ সংকেত দেন। কিন্তু ততক্ষণে ট্রাকটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়ে প্রথম বগির কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দায়িত্বরত রাজবাড়ী রেলওয়ে থানার নায়েক মোহাম্মদ আলী বলেন, ট্রাকটি নিয়ম বহির্ভূতভাবে রেললাইন ঘেঁষে পার্কিং করা ছিল। দুর্ঘটনার বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ট্রাকটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
