মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
নেত্রকোনা প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য আমাদের প্রাণ দিতে হয়েছে। পাকিস্তানি শাসকরা আরবি হরফে বাংলা লেখার জন্য উঠে-পড়ে লেগেছিল। তারা উর্দুকে একমাত্র রাষ্ট্র ভাষা করতে চেয়েছিল। কিন্তু রফিক, জব্বার, সালামরা বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলাকে মর্যাদার আসনে বসিয়ে দিয়ে গেছেন। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য প্রাণ দিতে হয়, এ শুধু বাঙালির পক্ষেই সম্ভব। অথচ এখনো সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু সম্ভব হয়নি। এ আমাদের দুর্ভাগ্য।
নেত্রকোনা শহরের মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট মাঠ শনিবার রাতে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বইমেলা হচ্ছে প্রাণের মেলা। মফস্বল শহরে বইমেলা বা বই উত্সবকে ছড়িয়ে দিতে হবে। জেলা পর্যায় থেকে একে উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন করতে হবে। তিনি বইমেলা থেকে প্রত্যেককে অন্তত একশত টাকার বই কেনার জন্য আহ্বান জানান।
নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে বইমেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহ্মুদ হাসান, শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রমুখ।
