ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
উপজেলার প্রত্যন্ত এলাকা বিলচান্দক গ্রামে বিবদমান দু’পক্ষের গণ্ডগোলে ৮টি বাড়িঘর ভাঙচুর হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ফরিদপুর থানার ওসি ওবায়দুর রহমান জানান, এলাকার রহমত প্রামাণিক ও আনসার আলী আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। এসবের এক পর্যায়ে গত শনিবার বিকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের হিসেবে রহমত প্রামাণিকের লোক এনামুল হকের নেতৃত্বে ২০-২৫ জন লোক লাঠিসোটা নিয়ে রাত প্রায় ৯টার সময়ে প্রতিপক্ষ ইউপি সদস্য বাবুল আক্তার, আনসার আকন্দ, শামীম রেজা, এলাহী সরকার, রুহুল আমিন, রবিউল করিম, এনামুল হক ও মুক্তিযোদ্ধা রহিম মণ্ডলের বাড়িঘরে আক্রমণ করে দরজা, জানালা, টিভি, ফ্রিজ, আসবাপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর পরই ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেছে।
এ ঘটনায় ইউপি সদস্য বাবুল আক্তার বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ মামলার আসামি রহমত প্রাং, আব্দুল মালেক প্রাং, আলাউদ্দিন আলী ও মুকুল হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
