বিনোদন রিপোর্ট
প্রথমবার জুটি বেঁধে সিনেমা করলেন অভিনেতা ডিএ তায়েব ও চিত্রনায়িকা মাহিয়া মাহী। ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাদের ছবি ‘অন্ধকার জগত্’। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবির প্রিমিয়ার হয়ে গেল গত ১৬ ফেব্রুয়ারি। এফডিসির ৮নং শুটিং ফ্লোরে ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান। কিন্তু প্রিমিয়ারে ছবির প্রধান নায়িকা আর পরিচালককেই দেখা যায়নি!
চিত্রনায়িকা মাহিয়া মাহী অনুষ্ঠানে না থাকার কারণ হিসেবে জানা যায়, জ্যামের কারণে মাঝপথ থেকে ফিরে গেছেন তিনি। অন্যদিকে চোখে অস্ত্রোপচারের কারণে ছবির পরিচালক বদিউল আলম খোকনও অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে কলকাতা থেকে এদিন দুপুরেই ঢাকায় নামেন শাকিব। কাজ সেরে আমন্ত্রণ রক্ষার্থে সন্ধ্যায় এসেছিলেন মাহিয়া মাহী ও ডিএ তায়েব অভিনীত অন্ধকার জগত্ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে।
দর্শক কাতারে বসে আধাঘণ্টা উপভোগ করেন ছবিটি। এর যাওয়ার আগে মঞ্চে উঠে শাকিব খান প্রেরণা দিয়ে যান ছবিটির নায়ক ডিএ তায়েবকে। শাকিব বলেন, ‘অভিনেতার পাশাপাশি ডিএ তায়েব ভাইকে একজন ভালো মানুষ হিসেবেই জানি। তিনি সবসময় শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেন। এটা অনেক বড় বিষয়। আরেকটা বিষয় হলো, ডিএ তায়েব একজন পুলিশের কর্মকর্তা হয়েও দীর্ঘদিন নিয়মিতভাবে শিল্পচর্চা করে যাচ্ছেন। এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। তিনি এই ক্রান্তিকালে সিনেমা শিল্পে এগিয়ে এসেছেন। আগামীতে তিনি আরো ভাল কাজ নিয়ে নিয়মিত হবেই সেই প্রত্যাশা করি।’
প্রিমিয়ারে শাকিব খানকে পেয়ে উচ্ছ্বসিত ডিএ তায়েব। তিনি বলেন, ‘শাকিব খান আমাদের গর্ব। বিদেশেও তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। তিনি আমার ছবিটি নিয়ে অনেক প্রশংসা করেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
অন্ধকার জগত্ মুক্তি পাচ্ছে ২২ ফেব্রুয়ারি। ডিএ তায়েব ও মাহিয়া মাহী ছাড়া এই ছবির অন্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন আলেকজান্ডার বো, মিশা সওদাগর প্রমুখ।
