মধ্যপ্রাচের ১০ শহরে ‘দেবী’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

বিনোদন রিপোর্ট

 

‘দেবী’ এবার মুক্তি পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, বাইরাইন, ওমানসহ ১০টি শহরের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অনম বিশ্বাস পরিচালিত এই চলচ্চিত্রটি। মিডিয়া মেজ ছবিটির মধ্যপ্রাচ্যে পরিবেশনার দায়িত্বে রয়েছে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে এর আগে বাংলাদেশের কোনো চলচ্চিত্র নিয়ে এতটা চাহিদা তৈরি হয়নি।

এ বিষয়ে মিডিয়া মেজের উদ্যোক্তা আহমেদ ইখতিয়ার আলম পাভেল বলেন, ‘দেবী নিয়ে এখানকার বাংলা ভাষাভাষীদের আগ্রহ রয়েছে দেখার মতো। তাদের আগ্রহকে সম্মান জানাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই জনপ্রিয় চলচ্চিত্রের যাত্রা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে।’

হুমায়ূন আহমেদের উপন্যাসে নির্মিত এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, ইরেশ জাকের, শবনম ফারিয়া প্রমুখ।