অস্কারের সিদ্ধান্তের বিপক্ষে প্রতিবাদ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

অস্কার অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতির সিদ্ধান্তের বিপক্ষে হলিউডের প্রথমসারির অভিনেতারা লিখিত প্রতিবাদ জানিয়েছেন।

সম্প্রতি অস্কার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, তিন ঘণ্টা সরাসরি সম্প্রচারের মধ্যে চারটি পুরস্কার বিজ্ঞাপন বিরতির ফাঁকে দেওয়া হবে। সিনেমাটোগ্রাফি, ফিল্ম এডিটিং, লাইভ অ্যাকশন ও মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং-এ সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে কমার্শিয়াল ব্রেকে। তাই জয়ীদের বক্তব্যও দেখতে পাবেন না টিভিপর্দার দর্শকরা।

এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন জর্জ ক্লুনি, ব্র্যাড পিট ও ক্রিস্টোফার নোলানসহ প্রথমসারির অনেক অভিনেতা। অস্কারকে এ ধরনের সিদ্ধান্ত থেকে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন তারা। এছাড়াও পরিচালক মাইকেল ম্যান, আলেজান্দ্রো জি ইনারিতু, গুইলারমো দেল তরো, অভিনেতা ব্র্যাড পিট, রবার্ট ডিনিরো, এলিজাবেথ ব্যাঙ্কস, পিটার ডিঙ্কলেজ ও কেরি ওয়াশিংটন স্বাক্ষর করা একটি চিঠি দিয়েছেন কর্তৃপক্ষকে।