ইত্তেফাক রিপোর্ট
আগামী বাজেটে ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে বেশকিছু পদক্ষেপ দেখা যাবে বলে তৈরি পোশাক ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার সন্ধ্যায় পোশাক খাতের ব্যবসায়ীদের মধ্য থেকে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে আসা ও মন্ত্রিসভায় স্থান পাওয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান ব্যবসার পরিবেশ উন্নয়নে ব্যবসায়ীদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর কাজ অগ্রাধিকার দিয়ে করা হচ্ছে। করহার বৃদ্ধি না করে করের আওতা বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী এবার বেসরকারি খাতের ওপর ভর করে পরবর্তী উন্নয়ন ধাপে যেতে চান। তাই তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে ব্যবসায়ীদের বসিয়েছেন। আগামী বাজেটে আপনারা এর বেশকিছু ইতিবাচক প্রভাব দেখতে পাবেন। বিজিএমইএ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, জহিরুল হক ভূঞা মোহন, মাহমুদ-উস-সামাদ চৌধুরী, আব্দুল মমিন মন্ডল, এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম, ক্যাপ্টেন (অব.) আনিসুর রহমান সিনহা, বিজিএমইএ’র বর্তমান সভাপতি মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ব্যাংক ঋণে বর্তমানের ১২ থেকে ১৩ শতাংশ সুদ হার বহাল থাকলে ব্যবসায়ীরা টিকবে কী করে? এই সুদ হার এক অঙ্কের ঘরে নিয়ে আসতে হবে।
